গোটা দেশের মান বাঁচাল কলকাতার ইডেন গার্ডেন্স

5th November 2023 8:11 pm Sport
গোটা দেশের মান বাঁচাল কলকাতার ইডেন গার্ডেন্স


৫ অক্টোবর। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও নিউ জ়িল্যান্ড। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রায় ৮০ শতাংশ আসনই ফাঁকা। হতবাক হয়েছিল ক্রিকেট বিশ্ব। অনেকে বলেছিলেন ভারত খেলতে নামলে ছবিটা বদলে যাবে। কিন্তু চেন্নাই, ধর্মশালা বা পুণের মাঠেও তা দেখা যায়নি। যখন বিরাট কোহলি, রোহিত শর্মারা মাঠে খেলছেন তখনও ১০০ শতাংশ আসন ভরেনি। সেটাই করে দেখাল ইডেন গার্ডেন্স। করে দেখালেন কলকাতার সমর্থকেরা। টসের আগেই ভরে গেল ইডেন। ৫ নভেম্বর, বিশ্বকাপের ঠিক এক মাসের মাথায় গোটা দেশের মান বাঁচাল ইডেন। রবিবার ইডেন যে কানায় কানায় ভরে যাবে তা বুঝিয়ে দিয়েছে ম্যাচের আগের কয়েক ঘণ্টা। বেলা গড়াতেই মেট্রোতে বেড়েছে ভিড়। অন্য দিন ছুটির দিনে একটু ফাঁকা আসে মেট্রো। কিন্তু রবিবার দাঁড়ানোর জন্যও কসরত করতে হচ্ছিল। চারদিকে শুধুই নীল জার্সি। বেশির ভাগই ভারতের নতুন জার্সি পরেছেন। কেউ কেউ অবশ্য পুরনো জার্সি পরেও এসেছেন। আর যাঁরা জার্সি পাননি তাঁরা নীল রঙের জামা পরে নিয়েছেন। দক্ষিণেশ্বর থেকে চাঁদনি চক পর্যন্ত সময় লাগে মেরেকেটে ৩০ মিনিট। সেই রাস্তা আসতে সময় লেগে গেল প্রায় ৪৫ মিনিট। প্রতিট স্টেশনে ভিড়ের চাপে মেট্রোর দরজা বন্ধ করতে সময় লাগছে। বাঁশি বাজিয়েই চলেছেন নিরাপত্তাকর্মীরা। একটা সময়ে তো প্রতিটা কামরায় নিরাপত্তাকর্মীরা উঠে পড়লেন। বেশির ভাগ ভিড়টা নামল এসপ্ল্যানেডে। কিছুটা আবার তার আগের স্টেশন চাঁদনি চকেও। সেখান থেকেই দল বেঁধে হাঁটা লাগালেন তাঁরা। গন্তব্য ইডেন।

 

ম্যাচের দিন বাইকেও ভিড়। তবে বেশির ভাগ বাইকচালক বা আরোহী কারও মাথায় হেলমেট নেই। মাঠের বাইরে বাইক রাখার জায়গা থাকলেও হেলমেট রাখার নেই। আর সেই হেলমেট সঙ্গে নিয়ে তাঁরা ঢুকতেও পারবেন না। সেই কারণেই হেলমেট নেই। তবে ট্রাফিক পুলিশও তাঁদের ধরলেন না। খেলার দিনে হয়তো সবেতেই ছাড়। মেট্রোর মতো ভিড় দেখা গিয়েছে বাসেও। ধর্মতলাগামী সব বাসেই ভিড় করেছেন সমর্থকেরা। প্রত্যেকেরই আশা, আগে মাঠে ঢুকতে হবে। মেট্রো বা বাসের বাইরে দেখা গিয়েছে, হেঁটেই অনেকে মাঠের দিকে যাচ্ছেন। চাঁদনি চক বা ধর্মতলা তো বটেই, সেই মৌলালি থেকেই অনেকে হাঁটছেন মাঠের উদ্দেশে। তাঁরা বেশির ভাগই লোকাল ট্রেনে শিয়ালদহে নেমে তার পর দল বেঁধে মাঠের দিকে যাচ্ছেন। হাওড়া স্টেশনে নেমেও অনেকে হেঁটেই মাঠের দিকে গিয়েছেন। মাঠে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, তখন মাইকের আওয়াজ ছাপিয়ে শোনা যাচ্ছিল দর্শকদের চিৎকার। ৬০ হাজারের বেশি দর্শক যখন একসঙ্গে গলা মেলান তখন কী পরিবেশ তৈরি হয় তা দেখিয়ে দিল ইডেন। মাঠে যখন রোহিত ছক্কা মারলেন, বা বিরাটের ব্যাট থেকে বল তিরবেগে বাউন্ডারির দিকে গেল তখন সেই চিৎকার আরও কয়েক গুণ বেড়ে গেল। নিজের ৩৫তম জন্মদিনে অর্ধশতরান বা শতরানের পরে বিরাট যখন দর্শকদের অভিবাদন করলেন তখন গোটা ইডেন দাঁড়িয়ে। কো-হ-লি, কো-হ-লি চিৎকার শোনা গেল মাঠের বাইরে থেকেও। এই ছবিটা কিন্তু ভারতের বাকি মাঠেও দেখা যায়নি। আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচেও কিছু আসন ফাঁকা ছিল। ওয়াংখেড়ে বা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ভরে গেলেও এতটা উন্মাদনা দেখা যায়নি। হতে পারে সেখানে দর্শক সংখ্যা ইডেনের থেকে কম, কিন্তু উন্মাদনাতেও সবাইকে ছাপিয়ে গেল কলকাতার মাঠ। বুঝিয়ে দিল, কেন সেরা ক্রিকেটারেরা এই মাঠে খেলতে এতটা পছন্দ করেন। কেন বলা হয়, ভারতের হয়ে দ্বাদশ ব্যক্তি হিসাবে খেলেন ইডেনের জনতা। সত্যিই রবিবারে গঙ্গাপারে ক্রিকেট পেল যোগ্য সম্মান। গোটা বিশ্বের সামনে ভারতের মান বাঁচাল ইডেন।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।